জাতীয় মহাকাশ প্রযুক্তি দিবস উপলক্ষে তেহরানে আয়োজিত জমকালো অনুষ্ঠানে উন্মোচন করা হয়েছে দেশটির সর্বাধুনিক কৃত্রিম উপগ্রহ ‘হাতিফ-থ্রি’। শহীদ সোলেইমানি স্যাটেলাইট কনসোর্টিয়ামের অংশ হিসেবে তৈরি এই স্যাটেলাইটটি মহাকাশ গবেষণায় ইরানের স্বনির্ভরতার প্রতীক বলে দাবি করা হচ্ছে।
অনুষ্ঠানে ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, প্রথমবারের মতো একটি জাতীয় কনসোর্টিয়ামের অধীনে তিনটি মূল কোম্পানি এবং ১২টি দেশীয় প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায় এই স্যাটেলাইটটি নির্মিত হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাতিফ-থ্রি মূলত বড় আকারের স্যাটেলাইট নক্ষত্রমণ্ডলের একটি প্রোটোটাইপ হিসেবে কাজ করবে।
ইরানি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই অভিযানের মূল লক্ষ্য হলো কক্ষপথে স্যাটেলাইটের হার্ডওয়্যার, প্রপালশন সিস্টেম এবং অনবোর্ড কম্পিউটারের কার্যকারিতা পরীক্ষা করা। এছাড়া দেশীয় উৎক্ষেপণ যানের মাধ্যমে নির্দিষ্ট কক্ষপথে স্যাটেলাইট স্থাপনের সক্ষমতা যাচাই করাও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। তরুণ ইরানি প্রকৌশলীদের এই সাফল্য ভবিষ্যতে ইরানের মহাকাশ কর্মসূচিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: Meher news
