ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ কিয়েভ ও মস্কোর যুদ্ধ বন্ধে শাক্তিচুক্তিতে সই করতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রকে ২০ বছরের নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে। এই সময়ের মধ্যে ইউক্রেনে কোনোরকম হামলা চালাতে পারবে না রাশিয়া। এমন নিশ্চিয়তা পেলেই কেবল শান্তিচুক্তি হতে পারে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্যে যেকোনো ত্রিপক্ষীয় চুক্তিতে এই গ্যারান্টির দেওয়ার আহ্বান জানান। আগামী মঙ্গল ও বুধবার জেনেভায় ইউক্রেন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার ত্রিপক্ষীয় শান্তি আলোচনা নির্ধারিত আছে।
জেলেনস্কি জোর দিয়ে বলেন, ইউক্রেন যেন অন্তত দুই দশক রুশ আক্রমণের শিকার না হয়, তা নিশ্চিত করতে তার একটি ‘আইনগতভাবে নিশ্ছিদ্র’ নিরাপত্তা চুক্তি প্রয়োজন।
তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার ক্ষেত্রে জেলেনস্কি অভিযোগ করেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবল ইউক্রেনকে ছাড় দিতে বলছেন, রাশিয়ার দিকে তার মনোযোগ নেই।
ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের বলেছিলেন, ‘রাশিয়া একটি চুক্তি করতে চায়। এজন্য জেলেনস্কিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায়, তিনি একটি বড় সুযোগ হারাবেন।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মনে হচ্ছে, আলোচনার পক্ষগুলো ‘সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বিষয়’ নিয়ে এগোচ্ছে। তবে তিনি আশা প্রকাশ করেন যে, আসন্ন জেনেভা আলোচনা ‘গুরুত্বপূর্ণ’ হবে এবং রাশিয়ার সঙ্গে একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি নিয়ে আসবে।
তথ্যসূত্র : Press TV
