ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্কহার দ্বিগুণ করে ৫০ শতাংশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার থেকে এ শুল্ক কার্যকর হয়েছে। ট্রাম্পের এমন সিদ্ধান্ত এক সময়ের ঘনিষ্ঠ দেশ দুটির পারস্পরিক সম্পর্কে ফাটল ধরিয়েছে। সাম্প্রতিক দশকগুলোয় যুক্তরাষ্ট্র ও ভারত কৌশলগত অংশীদার হয়ে উঠেছিল।ট্রাম্প তাঁর শুল্কনীতির অংশ হিসেবে ভারতের ওপর শুরুতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে নতুন করে ‘জরিমানা’ হিসেবে বসানো হয় আরও ২৫ শতাংশ শুল্ক। ফলে পোশাক, রত্ন ও গয়না, জুতা, ক্রীড়াসামগ্রী, আসবাবপত্র, রাসায়নিকসহ বিভিন্ন ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে। বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চশুল্কের দেশগুলোর মধ্যে ভারত একটি, যা প্রায় চীন ও ব্রাজিলের সমান।নতুন শুল্কের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটসহ দেশটির হাজার হাজার ছোট রপ্তানিকারক এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়তে যাচ্ছে। বাধাগ্রস্ত হতে পারে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশটির প্রবৃদ্ধি।
